সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনায় এবার মুখ খুলেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি পরীমনিকে গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার এক অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হিরো আলম।
গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আজকে যদি মিডিয়া না থাকত, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজকে আমি হিরো আলম হয়েছি।’
পরীমনির আচরণে হতাশা প্রকাশ করে হিরো আলম বলেন, সেলিব্রিটি ও মিডিয়াসংশ্লিষ্ট সবারই গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান দেখানো উচিত। প্রথম সারির নায়িকা পরীমনি একজন সাংবাদিককে যেভাবে গালিগালাজ করেছেন, তা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।
পরীমনিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইন বানাতে পারে!’
হিরো আলমের ভাষ্য, দেশজুড়ে এ ঘটনা নিয়ে যে আলোচনা-সমালোচনা চলছে, তার দ্রুত অবসান হওয়া উচিত। আর কাদা ছোড়াছুড়ি না করে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য পরীমনির প্রতি অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ ঘিরে বিনোদন অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনায় এরই মধ্যে নিজের অবস্থান তুলে ধরে ভিডিও বক্তব্যও দিয়েছেন এই অভিনেত্রী।