জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ ও উদযাপন উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ব্যতিক্রমধর্মী এ সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। সহযোগিতায় রয়েছে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্ম।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও কুঁড়েঘর এক মঞ্চে পারফর্ম করবে। এছাড়া একক শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন আসিফ আকবর এবং র্যাপার সেজান।
এ ছাড়া নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ আরও কয়েকজন শিল্পী অংশ নেবেন। বিভিন্ন ঘরানার গান, ব্যান্ড সংগীত ও র্যাপের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে সংগীতের ভাষায় তুলে ধরা হবে।
আয়োজকরা জানিয়েছেন, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত এবং এতে অংশ নিতে কোনো টিকিটের প্রয়োজন হবে না। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো সংগীতপ্রেমীর উপস্থিতি প্রত্যাশা করছেন তারা।
তাদের মতে, এই আয়োজনের মাধ্যমে সংগীতের ভাষায় নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা তুলে ধরা হবে। একই সঙ্গে এটি স্মরণ, সংহতি ও সাংস্কৃতিক উদযাপনের একটি বড় মিলনমেলায় পরিণত হবে।