বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রী সফরে গেলে তাকে আন্তরিকভাবে স্বাগত জানাতে প্রস্তুত ভারত।
বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সম্পূর্ণভাবে বাংলাদেশের সরকারের সিদ্ধান্ত ও অগ্রাধিকারের বিষয়। তবে ভারতের পক্ষ থেকে তাকে স্বাগত জানাতে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “বাংলাদেশের সরকারপ্রধানকে ভারতে স্বাগত জানাতে আমরা সাগ্রহে অপেক্ষা করছি। আশা করছি, খুব শিগগিরই তিনি ভারত সফর করবেন।”
সফরের সম্ভাব্য সময় নিয়ে প্রশ্ন করা হলে ভারতের হাইকমিশনার জানান, এটি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়সূচি ও অগ্রাধিকারের ওপর নির্ভর করবে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, এই সফর বাস্তবায়িত হলে বাংলাদেশ–ভারত সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, সংযোগ, নিরাপত্তা এবং বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।
এদিকে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার হওয়ার প্রেক্ষাপটে সম্ভাব্য এই সফরকে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।