রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পড়ে থাকা একটি সন্দেহজনক চটের বস্তাকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ এবং বস্তুটি পরীক্ষা করতে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
পুলিশ জানায়, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি চটের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে।
সন্দেহজনক বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগেই রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তু থাকার সন্দেহ দেখা দেয়।
দুপুর ১২টার দিকে খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা শুরু করে।
পুলিশ সূত্র জানিয়েছে, ব্যাগটির ভেতরে আসলেই বিস্ফোরক রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তদন্ত চলছেআইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উভয় ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত এসব বস্তু সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
পুলিশ জনগণকে গুজবে কান না দিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।