অবসরে যাওয়ার মাত্র দুই দিন আগে সিলেটে বাসা থেকে পুলিশ কর্মকর্তা মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আগামী ১ আগস্ট থেকে তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।
মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে বাগবাড়ীর নরসিংটিলা এলাকার একটি বাসার দ্বিতীয় তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারকালে তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।