ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। সুস্থ না হওয়া পর্যন্ত কোনো সিনেমার শুটিংয়ে অংশ নিতে পারবেন না এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, একটি সিনেমার অ্যাকশন ও নৃত্যদৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার হন রাশমিকা। এতে তার হিপ টেন্ডন ছিঁড়ে যায়। দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। আঘাতের ধরন বিবেচনায় চিকিৎসকরা তাকে দীর্ঘ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
বর্তমানে রাশমিকা ‘রাণাবলী’ ও ‘মাইসা’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তবে ঠিক কোন ছবির শুটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়। একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন গুরুতর আঘাত তুলনামূলকভাবে বিরল। ফলে আপাতত তার সব শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা মান্দানা। বর্তমানে স্বামীর সঙ্গেই ‘রাণাবলী’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এর আগে ‘ডিয়ার কমরেড’ ও ‘গীত গোবিন্দম’-এ এই জুটির রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।