রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং বিষয়টি তদন্ত করছে।
শনিবার (১ আগস্ট) ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন জানান, বোমাসদৃশ বস্তু উদ্ধারের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বস্তুটি বিস্ফোরক কি না, তা যাচাই করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বস্তুটির প্রকৃতি নির্ধারণ করবে।
এদিকে মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে সাময়িকভাবে ট্রেনের স্টপেজ বন্ধ রাখা হয়েছে। এমআরটি পুলিশের তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
এর আগে, ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা বোমা উদ্ধার করে বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছিল। ওই ঘটনায় একজন পথচারী আহত হন।