সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পরও জীবদ্দশায় সেই সম্পত্তির ভোগ-দখলের অধিকার বাবা-মায়ের কাছে রাখার বিধান যুক্ত করে ‘সম্পত্তি হস্তান্তর আইন’ সংশোধনের পরিকল্পনা করছে সরকার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে সম্পত্তি-সংক্রান্ত দেওয়ানি মামলার সংখ্যা কমবে এবং বাবা-মায়ের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।
মন্ত্রী জানান, বিদ্যমান হেবা ব্যবস্থায় সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সমস্যা সমাধানে ‘ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট’-এ জীবনস্বত্ব (Usufruct Right) যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে সন্তানকে সম্পত্তি গিফট করার পরও বাবা-মা জীবদ্দশায় তা ভোগ-দখল করতে পারবেন।
তিনি আরও বলেন, বাবা-মায়ের জীবদ্দশায় উভয় পক্ষের সম্মতি ছাড়া ওই সম্পত্তি বিক্রি করা যাবে না। তবে বিশেষ প্রয়োজন, যেমন চিকিৎসার জন্য সম্পত্তি বিক্রির ক্ষেত্রে জেলা জজের অনুমতির সুযোগ রাখা হবে।