কক্সবাজারে প্যারাসেইলিং করার সময় নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার একটি প্যারাসেইলিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শৌভিক রায়ের বাড়ি খুলনা জেলা সদরের বানিয়াখামার এলাকায়। তিনি পরিবারের সদস্যসহ ৯ জনের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
জানা গেছে, প্যারাসেইলিং চলাকালে হঠাৎ নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন শৌভিক। পরে প্যারাসেইলিং কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর স্থানীয়রা প্যারাসেইলিং কার্যক্রমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, কলাতলী সৈকতে পরিচালিত পাঁচটি প্যারাসেইলিং সেবার অনুমতির মেয়াদ গত জুনেই শেষ হলেও কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
তবে জেলা প্রশাসন, পর্যটন কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট প্যারাসেইলিং প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।