ভারতের বিহারের জেহানাবাদ জেলায় খাবার পরিবেশন করতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে। হত্যার পর মরদেহ বিকৃত করে মাথা বাড়ির সামনের একটি গাছে ঝুলিয়ে রাখারও অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, পার্স বিঘা থানা এলাকার ইমাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অংশু দেবী (২৫) ঘটনার সময় বাড়িতে একা ছিলেন। অভিযোগ, খাবার দিতে কিছুটা সময় লাগায় তার দেবর কুনাল কুমার কুড়াল দিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল জব্দ করে। অভিযুক্ত কুনাল কুমারকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত মাদকাসক্ত। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।