ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দেরবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লুডু খেলা নিয়ে হামদু মিয়ার ছেলে নীরব (১১) এবং প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াছিন (১২)-এর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ইয়াছিন নীরবকে থাপ্পড় দিলে দুই পরিবারের সদস্যদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াছিন আহত হয়।
এই ঘটনার জের ধরে শনিবার সকালে আবুল হোসেনের পক্ষের লোকজন হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করা হলে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।