ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক করতে পারেন—এমন গুঞ্জন জোরালো হয়েছে ঢাকাই সিনেমাপাড়ায়। জানা গেছে, নির্মাতা মোহাম্মদ ইকবাল পরিচালিত নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য তার সঙ্গে আলোচনা চলছে।
যদিও বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে রাজি নন নির্মাতা। তিনি বলেন, এ বিষয়ে কয়েক দিনের মধ্যেই বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।
মধুমিতা সরকার কলকাতার টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ। ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’ ও ‘চিনি’-সহ একাধিক জনপ্রিয় কাজের মাধ্যমে তিনি দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন।
বাংলাদেশে এর আগে বড় পর্দায় কাজ না করলেও, ২০১৬ সালে এনটিভিতে প্রচারিত ‘মেঘবালিকা’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। এবার ‘গুলশানের চামেলি’-তে অভিনয় করলে সেটিই হবে বাংলাদেশের চলচ্চিত্রে তার প্রথম কাজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘গুলশানের চামেলি’ রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে ঘিরে নির্মিত একটি নারীকেন্দ্রিক সিনেমা। গল্পের কেন্দ্রে থাকবেন একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও সমাজ ও ক্ষমতার নিষ্ঠুরতার শিকার হন।
নির্মাতা মোহাম্মদ ইকবালের ভাষ্য অনুযায়ী, ছবিটিতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকবে না। পুরো গল্প আবর্তিত হবে একজন নারী চরিত্রকে কেন্দ্র করে, যিনি গল্পের বিভিন্ন পর্যায়ে নায়ক ও ভিলেন—দুই ভূমিকাতেই উঠে আসবেন।
উল্লেখ্য, ২০২০ সালেও ‘গুলশানের চামেলি’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে নানা কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। এবার নতুন পরিকল্পনায় সিনেমাটি নির্মাণের প্রস্তুতি চলছে।