বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন।
বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সফরকালে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সরকারের আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতাদের সঙ্গেও মতবিনিময় করার সম্ভাবনা রয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার এটি প্রথম ঢাকা সফর। ফলে কূটনৈতিক মহলে সফরটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং বৈশ্বিক কূটনৈতিক অবস্থান নতুন মাত্রা পেয়েছে। এমন প্রেক্ষাপটে সার্জিও গোরের এই সফর ঢাকা–ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, সফরে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক অংশীদারত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্য নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে সফরের আলোচ্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।