মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আরও ২৩ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উন্নত কর্মসংস্থানের আশায় তারা বিভিন্ন সময়ে বাংলাদেশ ছেড়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে অবস্থান করার পর অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। পরে বৈধ অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মার্কিন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বিমানবন্দরে পৌঁছানোর পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রত্যেককে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা এবং খাবার প্রদান করে। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তারা বিমানবন্দর ত্যাগ করেন।