চলতি আগস্ট মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে কক্সবাজারের আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
শনিবার (১ আগস্ট) সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, পর্যটন নগরী কক্সবাজারে প্রতিনিয়ত পর্যটকের সংখ্যা বাড়ছে। সেই চাহিদা বিবেচনায় সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আরও আধুনিক করতে কাজ করছে। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে, টিকিটের চাপও হ্রাস পাবে। পাশাপাশি ঢাকা-কক্সবাজার রুটে ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে।
রেলপথ প্রতিমন্ত্রী আরও বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যেই স্টেশনটির সার্বিক ব্যবস্থাপনা একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে তিনি স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে দ্রুত স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।