জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশবান্ধব জ্বালানির প্রসারে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলের নারীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় এবং সহায়তার লক্ষ্যে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন এমিনে এরদোয়ান। তিনি তুরস্কের ফার্স্ট লেডির পাশাপাশি জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারপারসনের দায়িত্বেও রয়েছেন।
মঙ্গলবার রাতে আন্তালিয়ার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
বৈঠকে বাংলাদেশের জলবায়ু সহনশীলতার প্রশংসা করেন এমিনে এরদোয়ান। প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশের মানুষের টিকে থাকার সক্ষমতার বিষয়টি তুলে ধরেন তিনি। একই সঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণ এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণে তুরস্কের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
আলোচনায় ডা. জুবাইদা রহমান জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নারীদের ওপর তৈরি হওয়া সামাজিক ও শারীরিক সমস্যার বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলের নারীরা প্রতিকূল আবহাওয়া, পরিবেশগত পরিবর্তন এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তির সীমাবদ্ধতার কারণে যেসব ঝুঁকির মুখে পড়ছেন, সে বিষয়ে তুরস্কের ফার্স্ট লেডিকে অবহিত করেন তিনি।
এ সময় বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও পরিবেশ উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির অগ্রগতিও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। দেশব্যাপী বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীদের স্বাস্থ্যসেবা উন্নয়ন। এ ক্ষেত্রে তুরস্কের অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন এমিনে এরদোয়ান। তিনি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পাঠানোর প্রস্তাব দেন। দলটি উপকূলীয় অঞ্চলের নারীদের স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করা, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা বিনিময়ে ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। ২০১৭ সালে সংকটের শুরুর দিকে এমিনে এরদোয়ানের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের বিষয়টি স্মরণ করিয়ে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে তুরস্ক।
বৈঠকে উভয় পক্ষই একমত হয় যে, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের স্থায়ী সমাধান। তবে প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শিক্ষা, চিকিৎসা ও মানবিক সুরক্ষা নিশ্চিত করতে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
বৈঠকের শেষ পর্যায়ে ডা. জুবাইদা রহমান এমিনে এরদোয়ানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়ে তুরস্কের ফার্স্ট লেডি ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন। পাশাপাশি সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন তিনি।
বিশ্লেষকদের মতে, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই বৈঠক বাংলাদেশ ও তুরস্কের সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে উপকূলীয় নারীদের স্বাস্থ্য সুরক্ষায় তুরস্কের বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব বাস্তবায়িত হলে দুই দেশের স্বাস্থ্য খাতে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়তে পারে।