বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার পাশাপাশি সব রাজনৈতিক দলের অংশগ্রহণের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ কথা জানান।
ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনার শাসনামলে আন্দোলন দমনে হতাহতের ঘটনা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চান।
জবাবে ফারহান হক বলেন, এ বিষয়ে তাঁর আলাদা কোনো মন্তব্য নেই। তবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশনে নথিভুক্ত অপরাধসহ বাংলাদেশে সংঘটিত অপরাধগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে সংস্থাটি।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বের অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত বলে বিশ্বাস করে জাতিসংঘ।
উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় এক হাজার ৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারান। এ সময় সংঘর্ষে আহত হন আরও কয়েক হাজার মানুষ।
ফারহান হকের বক্তব্যে অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সব দলের অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে।