দীর্ঘ নয় বছরের পথচলার ইতি টানল দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। শেষ হয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির পঞ্চম সিজনের শুটিং। দীর্ঘদিনের এই যাত্রার সমাপ্তিতে আবেগাপ্লুত হয়েছেন ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র কাবিলার অভিনেতা জিয়াউল হক পলাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি তুলে ধরেছেন শুরুর দিনগুলোর স্মৃতি, সহকর্মীদের সঙ্গে কাটানো সময় এবং এই ধারাবাহিকের সঙ্গে নিজের জীবনের গভীর সম্পর্কের কথা।
‘ব্যাচেলর পয়েন্ট’ শুধু একটি নাটক নয়, বরং জীবনের দীর্ঘ একটি অধ্যায়ের অংশ হয়ে উঠেছিল বলে জানিয়েছেন পলাশ। তাঁর লেখায় উঠে এসেছে পরিচিত রাস্তা, গাছতলা, বিকেলের আড্ডা, হাসি-আনন্দ এবং সহকর্মীদের সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্তের স্মৃতি।
ফেসবুক পোস্টে পলাশ লিখেছেন, এই রাস্তা ও গাছতলা থেকেই তাঁদের অনেক কিছুর শুরু। পরিচিত বিকেলগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য কথা, হাসি আর না-বলা গল্প। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে চারপাশের পরিবেশ, মানুষ ও পরিচিত অনেক কিছু। কিন্তু ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুরুর দিনগুলোর স্মৃতি এখনো তাঁর কাছে বিশেষ হয়ে আছে।
নাটকটির সঙ্গে নিজের বেড়ে ওঠার গল্প তুলে ধরে পলাশ জানান, ধারাবাহিকটির যাত্রা যখন শুরু হয়েছিল, তখন এটি ছিল নতুন একটি গল্পের পথচলা। এরপর দিন পেরিয়েছে, বছর গড়িয়েছে। ধীরে ধীরে বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’, আর সেই গল্পের সঙ্গে সঙ্গে তিনিও কখন যে বড় হয়ে গেছেন, তা বুঝতে পারেননি।
পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেতা বলেন, একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে, তা এই দীর্ঘ পথচলায় উপলব্ধি করেছেন তিনি। অসংখ্য সকাল, রাত, অভিমান, আনন্দ এবং প্রিয় মানুষের মুখ—সব মিলিয়ে কখন যে একটি নাটক জীবনের অংশ হয়ে ওঠে, তা টের পাওয়া যায় না।
দীর্ঘ নয় বছরের স্মৃতিগুলো কীভাবে ধরে রাখবেন, সেই ভাবনাও উঠে এসেছে পলাশের লেখায়। তিনি প্রশ্ন রেখেছেন, এত বছরের গল্প কোন বাক্যে প্রকাশ করবেন, কিংবা এই পথচলা তাঁর কাছে কতটা অর্থবহ, তা কীভাবে বোঝাবেন।
পোস্টে তিনি লিখেছেন, সবকিছুরই একসময় শেষ হয়। হয়তো ‘ব্যাচেলর পয়েন্ট’-এরও শেষ হয়েছে। মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়। কিন্তু কিছু স্মৃতি থেকে যায় চিরকাল।
বিশেষ করে নাটকটির শুটিংয়ের সঙ্গে জড়িয়ে থাকা চেনা রাস্তা ও গাছতলার স্মৃতি তাঁকে আবেগাপ্লুত করেছে। পলাশের ভাষায়, সেই গাছতলা থেকে যাবে, থেকে যাবে চেনা রাস্তা। সহকর্মীদের হাসির শব্দ যেন বাতাসে মিশে থাকবে। আর থেকে যাবে সেই তরুণ ছেলেটি, যে একদিন ওই রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল।
দীর্ঘদিনের একটি কাজ শেষ হলেও তার সঙ্গে জড়িয়ে থাকা অনুভূতি ও স্মৃতি যে সহজে শেষ হয় না, পলাশের আবেগঘন লেখায় সেই কথাই ফুটে উঠেছে।
‘ব্যাচেলর পয়েন্ট’ প্রচারের শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র, সংলাপ ও হাস্যরসাত্মক ঘটনাগুলো দর্শকের কাছে বিশেষ পরিচিতি পায়। কাবিলা চরিত্রের মাধ্যমে জিয়াউল হক পলাশও পান ব্যাপক দর্শকপ্রিয়তা। পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়ায় তাই অভিনেতার পাশাপাশি ধারাবাহিকটির দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে স্মৃতিকাতরতা।