শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান থেকে নিষিদ্ধ এবং তাঁর দল আওয়ামী লীগও নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অপশক্তি কিংবা ফ্যাসিবাদের সহযোগীরা যত চক্রান্তই করুক না কেন, দেশের মানুষ তাদের আর মেনে নেবে না।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ পুরোনো কৌশলে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। ভয়ংকর অপরাধের কারণে দলটি নিষিদ্ধ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। আদালতের মাধ্যমেও দলটি নিষিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে মানুষের মধ্যে ভয়-আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা নিতে চায়। তবে এ ধরনের প্রচেষ্টা সফল হবে না।
আইনি সহায়তার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, অতীতে প্রধানমন্ত্রী ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আইনি সহায়তার বিষয়ে কথা বললে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তাঁদের পলাতক ব্যক্তি হিসেবে উল্লেখ করে আইনি সহায়তা পাওয়ার অধিকার নেই বলে মন্তব্য করতেন।
রিজভীর দাবি, যারা মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডে জড়িত, তাদের ক্ষেত্রেও আইনি প্রক্রিয়ায় নাগরিক অধিকার নিশ্চিত করার বিষয়টি উপেক্ষা করা হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা ও তাঁর দল রক্তপাত, হত্যা ও খুনের রাজনীতিতে বিশ্বাসী। সেই পথেই আবার ফিরে আসার চেষ্টা চলছে। তবে দেশের শান্তিকামী ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী মানুষ তা হতে দেবে না।
রিজভী আরও বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যেকোনো অপচেষ্টা প্রতিরোধ করবে। এ ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ সময় গণমাধ্যমের টকশোতে অবস্থান নেওয়া দোসর ও সন্ত্রাসীদের উচ্চকণ্ঠ বক্তব্য গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।