যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় থাকা চীনের একটি সামরিক বিশ্ববিদ্যালয় এনভিডিয়ার তৈরি দুটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ কিনেছে। গত অক্টোবরে স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ১ লাখ ২৩ হাজার মার্কিন ডলারে চিপ দুটি কেনে নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি। এতে চীনে উন্নত প্রযুক্তি রপ্তানি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বুধবার (১১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে কেনাকাটার নথির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি ৮ লাখ ৭৪ হাজার ৭০০ ইউয়ানে এনভিডিয়ার দুটি ‘এইচ২০০’ চিপ কিনেছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত ২১ অক্টোবর প্রকাশিত নথিতে এ কেনাকাটার তথ্য পাওয়া যায়। চিপ দুটি সরবরাহ করেছে চীনের স্থানীয় প্রতিষ্ঠান শানসি বোসুয়ান নেটওয়ার্ক টেকনোলজি।
চীনের সামরিক গবেষণাকেন্দ্রিক সাতটি বিশ্ববিদ্যালয়ের একটি নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি। দেশটির সামরিক বিমান ও ক্ষেপণাস্ত্র গবেষণায় সংশ্লিষ্টতার অভিযোগে ২০০১ সালে প্রতিষ্ঠানটিকে মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ২০১৯ সালে এর ওপর বিধিনিষেধ আরও কঠোর করা হয়।
এনভিডিয়ার এইচ২০০ বিশ্বের শক্তিশালী এআই প্রসেসরগুলোর একটি। উন্নত এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনায় এটি ব্যবহৃত হয়। এসব চিপ সামরিক আধুনিকায়ন, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও অস্ত্রের নকশা তৈরিতে কাজে লাগতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন আইনপ্রণেতারা।
রয়টার্সের পর্যালোচনা করা নথিতে আরও দেখা গেছে, শুধু সরাসরি চিপ কেনা নয়, সার্ভারের কম্পিউটিং সক্ষমতা ভাড়া নিয়েও বিশ্ববিদ্যালয়টি এনভিডিয়ার উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেয়েছে। চলতি বছর এ ধরনের অন্তত পাঁচটি চুক্তির তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া চীনের বেইহাং ইউনিভার্সিটি চারটি এ৮০০ চিপ এবং শেনজেন ইউনিভার্সিটি তিনটি এইচ১০০ চিপ কিনেছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। এসব চিপের রপ্তানিতে মার্কিন বিধিনিষেধ রয়েছে।
এদিকে চীনে চিপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে অবস্থান নেওয়ায় এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং যুক্তরাষ্ট্রে সমালোচনার মুখে পড়েছেন। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে ব্যাখ্যা দিতে মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির রিপাবলিকান চেয়ারম্যান তাঁকে ১৮ নভেম্বর ব্রিফিংয়ের অনুরোধ জানিয়েছেন।
তবে চিপগুলো কীভাবে বিশ্ববিদ্যালয়টির হাতে পৌঁছেছে এবং সেগুলো কী কাজে ব্যবহার করা হচ্ছে, তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও এনভিডিয়া এ বিষয়ে মন্তব্য করেনি।