সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভুটানের বিপক্ষে আগের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন কোচ। প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্ব করবেন মিডফিল্ডার হামজা চৌধুরী।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে সবচেয়ে বড় আকর্ষণ হামজার নেতৃত্ব। আগের দিন সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, কোচ দায়িত্ব দিলে অধিনায়কত্ব গ্রহণ করতে প্রস্তুত। তবে তাঁর কাছে অধিনায়কের আর্মব্যান্ডের চেয়ে দলের ঐক্য ও ড্রেসিংরুমের পারিবারিক পরিবেশ বেশি গুরুত্বপূর্ণ।
এদিকে ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে নজর কাড়া পারফরম্যান্স করা মোহাম্মদ ইব্রাহিম এবার শুরু থেকেই একাদশে সুযোগ পেয়েছেন। তাঁর সঙ্গে জায়গা পেয়েছেন তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ।
অন্যদিকে আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল হোসেন ফাহিম। এর মধ্যে চোটের কারণে খেলতে পারছেন না বিশ্বনাথ ঘোষ।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, শমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ।
গ্রুপসেরা হওয়ার লক্ষ্য পূরণে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিতে চায় বাংলাদেশ। হামজার নেতৃত্বে নতুন সমন্বয়ের একাদশ নিয়ে মাঠে নামা দলটির জন্য ম্যাচটি তাই গুরুত্বপূর্ণ।