সিলিন্ডার গ্যাসের দাম ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বাদ আসর শহরের মিশনপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি চাষাড়া প্রদক্ষিণ করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় পণ্য। এর সঙ্গে সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি জনজীবনে বাড়তি চাপ তৈরি করেছে।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং সিলিন্ডার গ্যাসের দাম কমাতে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল কাইয়ূম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা।