বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠক করার ইতিহাস বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেই বলে দাবি করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা রাজনৈতিক বন্ধুদের সঙ্গে আলোচনা হতে পারে, কিন্তু কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠকের প্রশ্নই আসে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, জামায়াতের বিরুদ্ধে যারা বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলছেন, অতীতে তাঁরাই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন জামায়াত আমির।
সংসদে বক্তব্যে শফিকুর রহমান বলেন, জামায়াতের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ তোলা হচ্ছে। অথচ যারা এসব অভিযোগ করছেন, তাঁদের নিজেদের অতীত কর্মকাণ্ডও পর্যালোচনা করা প্রয়োজন। তাঁর দাবি, অভিযোগকারীরাই বিভিন্ন সময়ে দেশে ও বিদেশে গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। এমনকি সংশ্লিষ্ট সংস্থার দেশে গিয়ে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ করেছেন এবং নিজেদের দলের অতীত নীতিকে ভুল বলে স্বীকার করেছেন।
এর আগে সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশের সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে। এ বিষয়ে জামায়াত আমিরের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করলেও তিনি ঢাকায় একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার গোপন বৈঠকের প্রসঙ্গ তোলেন। এসব বৈঠকের সঙ্গে দেশের চলমান অস্থিরতার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জনগণের সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জবাবে শফিকুর রহমান বলেন, সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একমত। তবে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি রাজনৈতিক দলের বোঝাপড়া রয়েছে বলে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, সেটি স্পষ্ট করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী যদি সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক সচিব মর্যাদার একজন ব্যক্তিকে ইঙ্গিত করে থাকেন, তাহলে বিষয়টি জামায়াত আগেও চ্যালেঞ্জ করেছে। সে সময় অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় অভিযোগের জবাবে ‘ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না’ প্রবাদটি উল্লেখ করেন জামায়াত আমির। তিনি বলেন, যারা এসব অভিযোগ করছেন, তাঁরাই আত্মগোপনে রয়েছেন। বিষয়টি গোপন নয়, বরং প্রকাশ্য। বর্তমান রাষ্ট্রপতির অতীত বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রপতিও একসময় প্রকাশ্যে সব দরজা খুলে দেওয়া এবং সব মামলা তুলে নেওয়ার কথা বলেছিলেন। তবে জামায়াত এ ধরনের কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে দাবি করেন তিনি।
গত ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। তিনি বলেন, ওই সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন বলে প্রচার করা হয়েছিল। কিন্তু তাঁর দাবি, ২২ মিনিটের বক্তব্যে একবারও আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি। বক্তব্যের ভিডিও এখনো সংরক্ষিত রয়েছে এবং যে কেউ তা যাচাই করতে পারবেন।
এ সময় জামায়াতের বিরুদ্ধে নিয়মিত বক্তব্য দেওয়া এক ব্যক্তির সমালোচনা করেন তিনি। শফিকুর রহমান বলেন, ওই ব্যক্তি ২৪ ঘণ্টাই তাঁদের পেছনে লেগে থাকেন। সন্ধ্যা, রাত, পরদিন সকাল ও দুপুরে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। তাঁকে কোনো বেতন বা মজুরি দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন বলেও কটাক্ষ করেন জামায়াত আমির।
তিনি আরও বলেন, এমন ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে জামায়াতকে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে জড়ানো হলে তা তাঁরা প্রত্যাখ্যান করবেন। তাঁদের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক হয়নি। বরং সংসদে উপস্থিত ৩০০ সদস্যের সঙ্গে তাঁরা বসবেন বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে অন্যদের বিরুদ্ধে অভিযোগ তোলার আগে নিজেদের অতীত কর্মকাণ্ড পর্যালোচনার আহ্বান জানান শফিকুর রহমান। তিনি বলেন, যারা জামায়াতের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলছেন, তাঁদের নিজেদের অবস্থানও আয়নায় দেখা উচিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাই উত্তম হবে।’
সংসদে দেওয়া এই বক্তব্যের মধ্য দিয়ে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করার পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষের অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন জামায়াত আমির। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর উত্থাপিত অভিযোগের বিষয়টি নিয়ে সংসদে রাজনৈতিক বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।