তানভীর আহাম্মেদ, রিপোর্টার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘বীরগঞ্জ সাংবাদিক সংস্থা’।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা ভূমি কার্যালয়ে গিয়ে বীরগঞ্জ সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ নবাগত এই কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ নবাগত সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবুর নতুন কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালনের সার্বিক সফলতা কামনা করেন। একই সঙ্গে বীরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, ভূমি সংক্রান্ত জনসেবা সহজীকরণ এবং সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে তাঁর আন্তরিক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় নবাগত সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবু সাংবাদিক নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।