ইতালির ছয় হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে দেশটির বিভিন্ন স্কুলের ই-মেইল ঠিকানায় পাঠানো এসব বার্তায় ভবনের ভেতরে বিস্ফোরক রাখা হয়েছে বলে দাবি করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ইতালিতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিভাবকেরাও এ ঘটনায় উদ্বিগ্ন।
স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়। বার্তায় দাবি করা হয়, স্কুল ভবনের ভেতরে বিস্ফোরক রাখা হয়েছে এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেগুলোর বিস্ফোরণ ঘটানো সম্ভব। একই সঙ্গে ইতালির বিরুদ্ধে গণহত্যার হুমকিও দেওয়া হয়।
হুমকির খবর ছড়িয়ে পড়ার পর দেশটির বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়। রাজধানী রোম, মিলান, নেপলস, পালেরমো, বোলোনিয়া, তুরিন ও ফ্লোরেন্সসহ বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কোথাও কোথাও সাময়িকভাবে পাঠদান বন্ধ রাখা হয়।
ঘটনার পর তদন্তে নামে ইতালির পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দল এবং পুলিশের সাইবার অপরাধবিষয়ক বিভাগ। এখন পর্যন্ত এসব হুমকির পেছনে বাস্তব কোনো বিস্ফোরক হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে হুমকিগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইতালির একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হুমকিমূলক ই-মেইলে ‘মিখাইল আন্তরোপভ’ নামে এক ব্যক্তির পরিচয় ব্যবহার করা হয়েছে। ওই ব্যক্তি নিজেকে ‘ভিলায়াত অব মিসোজিনিস্তান’ নামের একটি সংগঠনের নেতা বলে দাবি করেছেন। তবে এই ব্যক্তির পরিচয়, সংগঠনটির অস্তিত্ব এবং ই-মেইলগুলোর প্রকৃত উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়গুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিকে পরিস্থিতি পর্যালোচনা ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করতে রাজধানী রোমে প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকারি বাসভবন পালাৎসো কিজিতে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি, প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোজেত্তো, গোয়েন্দা সংস্থা এবং জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকের পর প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোজেত্তো বলেন, এ ধরনের ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার কৌশল হতে পারে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি জানান, সব হুমকির পেছনে একই ব্যক্তি বা চক্র রয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তদন্তের পরই এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ইতালির কয়েকটি পরিচিত সংবাদমাধ্যমের কার্যালয়েও একই ধরনের হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। এসব সংবাদমাধ্যমের মধ্যে রয়েছে রাই, আনসা, লা রিপুবলিকা ও লা স্টাম্পা। ফলে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, দেশটির গণমাধ্যম কার্যালয়গুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে ইতালির বাইরেও উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের বোমা হামলার হুমকি পাওয়ার খবর সামনে এসেছে। এসব ঘটনার সঙ্গে ইতালির হুমকির কোনো আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘটনার পর ইতালির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তবে বিপুলসংখ্যক স্কুলে হুমকি পাঠানোর ঘটনায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা ও সাইবার অপরাধ মোকাবিলার সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।