বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও ভোগান্তিমুক্ত করতে বড় ধরনের সংস্কার আনছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রচলিত ১৩টি প্রধান শ্রেণি কমিয়ে ৯টিতে এবং ৪৯টি উপশ্রেণি কমিয়ে ২৩টিতে নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভিসার আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা রয়েছে। পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক প্রয়োজনে বিদেশিদের ভারতে যাতায়াত সহজ করতেই এই পরিবর্তন আনা হচ্ছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবর থেকে ভিসা ব্যবস্থার সংস্কার কার্যক্রম শুরু হয়। নতুন কাঠামো তৈরির আগে বিভিন্ন উন্নত দেশের ভিসাব্যবস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পর্যটক ভিসায়। প্রচলিত ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। শুধু পর্যটন নয়, এই ভিসার আওতায় ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং স্বল্পমেয়াদি সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্সে অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—এই দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বল্পমেয়াদি চিকিৎসা, যোগব্যায়াম, সংগীত, চারুকলা, হস্তশিল্প এবং ভারতীয় ভাষা শেখার মতো কার্যক্রমে অংশ নেওয়া যাবে।
অন্যদিকে, তুলনামূলক দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য রাখা হয়েছে ভি-২ ভিসা। যোগ্যতা অনুযায়ী এই ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। ভি-১ ভিসার আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকবে। এ ছাড়া পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
চিকিৎসার জন্য ভারতে যাতায়াতকারী বিদেশিদের ক্ষেত্রেও আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রচলিত চিকিৎসা এবং আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য পৃথক ভিসার ব্যবস্থা করা হয়েছে। নতুন কাঠামোয় চিকিৎসা ভিসার চারটি উপশ্রেণি থাকবে। এম-১ ভিসা দেওয়া হবে সাধারণ চিকিৎসার জন্য এবং এম-২ ভিসা হবে সেই রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্য। অন্যদিকে, আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য থাকবে এম-৩ ভিসা এবং রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্য এম-৪ ভিসা।
নতুন নিয়মে এম-১ ও এম-৩ ভিসার মেয়াদ সাধারণভাবে এক বছর নির্ধারণ করা হয়েছে। এসব ভিসার ই-ভিসা সংস্করণেও একই মেয়াদ প্রযোজ্য হবে। উভয় ক্ষেত্রেই একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। ফলে দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিয়মিত চিকিৎসকের পরামর্শ এবং পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশি রোগীদের বারবার নতুন করে ভিসার আবেদন করতে হবে না। ভারতের ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবেও এ পরিবর্তন আনা হচ্ছে।
শিক্ষার্থী ও গবেষকদের জন্যও তৈরি করা হয়েছে নতুন ভিসা কাঠামো। শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২—এই দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য দেওয়া হবে এস-১ ভিসা। অন্যদিকে, পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, অতিথি শিক্ষক, বিজ্ঞানী, শিক্ষানবিশ এবং বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এস-২ ভিসার আওতায় আসবেন।
এ ছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ পাঁচ বছর অথবা শিক্ষাকোর্সের মেয়াদ পর্যন্ত ই-এস১ ভিসা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এই ভিসার আওতায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।
ব্যবসায়িক ভিসার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হচ্ছে। নতুন কাঠামোয় বি-১ ও বি-২ নামে দুটি উপশ্রেণি থাকবে। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম এবং ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য থাকবে বি-১ ভিসা। আর স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য দেওয়া হবে বি-২ ভিসা।
বি-২ ভিসার আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত কাজ, ব্যবসায়িক সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্রের শুটিংয়ের মতো কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভারতীয় প্রতিষ্ঠানগুলোর নিয়োগ করা বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। কারখানা স্থাপন ও চালু করা, যন্ত্রপাতির মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা এবং কারিগরি সহায়তার কাজে যুক্ত বিদেশি পেশাজীবীরা নতুন বি-২ ভিসার আওতায় সুবিধা পাবেন। এ ক্ষেত্রে ই-ভিসার মাধ্যমেও আবেদন করা যাবে। আগে এ ধরনের ভিসা ই-বি৪ নামে পরিচিত ছিল।
এদিকে বর্তমানে বিশ্বের ১৭২টি দেশের নাগরিকদের জন্য ভারতের ই-ভিসা সুবিধা চালু রয়েছে। ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে এ সুবিধা দেওয়া হচ্ছে। নতুন কাঠামো কার্যকর করতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তনের কাজ চলছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন কাঠামোর আওতায় ২০২৬ সালের শেষ নাগাদ ভিসা দেওয়া শুরু হতে পারে। সংস্কার কার্যক্রম সম্পন্ন হলে প্রধান ভিসা শ্রেণি থাকবে মোট ৯টি। এগুলো হলো—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।
বিবিধ ভিসার আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাঁদের স্বামী-স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারীদের নির্ভরশীল পরিবারের সদস্য এবং নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ভারতে অবস্থানের ভিসা প্রত্যাশী আফগান নাগরিক এবং প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট দীর্ঘমেয়াদি ভিসার ব্যবস্থাও রাখা হয়েছে।
সব মিলিয়ে ভারতের নতুন ভিসা নীতি বিদেশি নাগরিকদের জন্য ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশ থেকে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার প্রয়োজনে ভারতে যাতায়াতকারী ব্যক্তিদের জন্য এই সংস্কার কতটা সুবিধা নিয়ে আসে, তা নির্ভর করবে নতুন নিয়মের বাস্তবায়ন, আবেদন প্রক্রিয়া এবং ভিসা অনুমোদনের নীতিমালার ওপর। তবে নতুন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত বিদ্যমান ভিসা নিয়মই অনুসরণ করতে হবে।
সূত্র: এনডিটিভি।