সম্পর্কের টানাপোড়েন ও মানবিক গল্পনির্ভর সিনেমা নির্মাণে পরিচিত টালিউড পরিচালক অর্জুন দত্ত এবার হাজির হচ্ছেন রহস্য ও রোমাঞ্চে ভরপুর এক নতুন চলচ্চিত্র নিয়ে। তাঁর নির্মিতব্য মার্ডার মিস্ট্রি ‘আরএসভিপি মার্ডার’-এ প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুধু তাই নয়, এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে জয়া আহসান ও টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
এর আগে ‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘বিবি পায়রা’ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ‘ডিপ ফ্রিজ’-এর মতো সিনেমা নির্মাণ করে প্রশংসা পেয়েছেন অর্জুন দত্ত। তাঁর আগের কাজগুলোতে পারিবারিক সম্পর্ক, মানবিক অনুভূতি ও সামাজিক বাস্তবতার নানা দিক উঠে এসেছে। এবার সেই পরিচিত ঘরানা থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের থ্রিলার নিয়ে দর্শকদের সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
‘আরএসভিপি মার্ডার’-এর গল্প আবর্তিত হয়েছে একটি পাহাড়ি অঞ্চলের রহস্যময় হত্যাকাণ্ডকে ঘিরে। কাহিনির শুরু একটি আনন্দঘন অনুষ্ঠান থেকে। সেখানে উৎসবমুখর পরিবেশের মধ্যেই হঠাৎ একটি অপ্রত্যাশিত বার্তা এসে পুরো পরিস্থিতি পাল্টে দেয়। এরপর শুরু হয় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের তদন্ত। তদন্ত যত এগোতে থাকে, ততই সামনে আসতে থাকে মানুষের সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা নানা জটিলতা।
গল্পে বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা, দাম্পত্য জীবনের টানাপোড়েন এবং পারিবারিক সম্পর্কের গভীর ক্ষোভ গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকবে। ফলে শুধু হত্যার রহস্য নয়, মানুষের সম্পর্কের অন্তর্নিহিত দ্বন্দ্বও সিনেমাটির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
সিনেমাটিতে জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করছেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অভীক্ষা চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য এবং মনোজ ওঝাসহ আরও অনেকে।
সম্পর্কভিত্তিক সিনেমা থেকে থ্রিলার নির্মাণে আসার বিষয়ে পরিচালক অর্জুন দত্ত জানিয়েছেন, তাঁর প্রতিটি সিনেমায় সম্পর্কের বিভিন্ন সূক্ষ্ম দিক উঠে এলেও নির্মাতা হিসেবে সব ধরনের ঘরানায় কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সেই আগ্রহ থেকেই এবার মার্ডার মিস্ট্রি গল্পটি বেছে নিয়েছেন তিনি।
অন্যদিকে নিজের চরিত্র প্রসঙ্গে জয়া আহসান জানিয়েছেন, ‘আরএসভিপি মার্ডার’-এ তাঁর চরিত্রটি বেশ আকর্ষণীয়। একঝাঁক গুণী অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর জন্য বিশেষ। এই সিনেমায় দর্শকেরা তাঁকে সম্পূর্ণ নতুন একটি রূপে দেখতে পাবেন বলেও আশা প্রকাশ করেছেন অভিনেত্রী। অর্জুন দত্তের আগের কাজের প্রশংসা করে নতুন এই চলচ্চিত্রটি দর্শকদের জন্য দারুণ অভিজ্ঞতা হয়ে উঠবে বলে প্রত্যাশা তাঁর।
শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ চট্টোপাধ্যায়। আশীর্বাদ মৈত্র ও পরিচালক অর্জুন দত্ত যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মৈনাক মজুমদার ও অভিজিৎ চট্টোপাধ্যায়।
পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে পাহাড়ি এলাকায় সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে জয়া আহসান ও শ্রাবন্তীর প্রথম একসঙ্গে অভিনয়, অর্জুন দত্তের নতুন থ্রিলার ঘরানা এবং রহস্যময় হত্যাকাণ্ডের গল্প—সবকিছু মিলিয়ে ‘আরএসভিপি মার্ডার’ নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।