রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার কার্যক্রম পরিচালিত হবে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এর আগে গত ১ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। তবে মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থতার কারণে সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি। এ কারণে শুনানি পিছিয়ে ১২ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী। এ ছাড়া রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।
অন্যদিকে, শেখ হাসিনাসহ মামলার ৩০ জন আসামি পলাতক রয়েছেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস এবং সাবেক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
পলাতক আসামিদের তালিকায় আরও রয়েছেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান এবং সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। এ ছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নামও রয়েছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ জন পলাতক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়ে তাঁদের সন্ধান না পাওয়ার কথা জানিয়ে নন-এক্সিকিউশন রিপোর্ট বা এনইআর জমা দেন। পরে ১৬ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় ওই ৩০ জনকে পলাতক ঘোষণা করে তাঁদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
মামলার বিচারিক কার্যক্রমে গত ২৭ জুলাই গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে। ওই দিন ৪১ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
প্রসিকিউশনের অভিযোগে মোট দুটি ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ৩২ জনকে হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয় উল্লেখ করা হয়েছে।
আজকের শুনানিতে ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের বক্তব্য শোনার কথা রয়েছে। শুনানির পর ট্রাইব্যুনাল অভিযোগ গঠন বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন। ফলে দীর্ঘদিন ধরে আলোচিত শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক প্রক্রিয়ায় আজকের দিনটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।