সন্তানহারা মায়ের আহাজারি আর রাজপথে ঝরে পড়া রক্তের দাগ এখনো শুকায়নি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটলেও পলাতক ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি অভিযোগ করেছেন, প্রতিবেশী দেশ ভারত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা চলছে। একই সঙ্গে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীতে বাংলা একাডেমি আয়োজিত ‘তারুণ্যের ইশতেহার’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।
বক্তব্যে কায়সার কামাল বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে প্রাণ হারানো মানুষের স্মৃতি এখনো দেশের মানুষের মনে গভীরভাবে দাগ কেটে আছে। সন্তানহারা মায়েদের কান্না এখনো থামেনি, রাজপথে ঝরা রক্তের দাগও শুকায়নি। অথচ এসব ঘটনার বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগেই পলাতক ফ্যাসিবাদী শক্তি আবারও সক্রিয় হওয়ার সংকেত দিচ্ছে। তাঁর ভাষায়, ফ্যাসিজম এখন ভারত থেকে উঁকি দিচ্ছে।
তিনি আরও বলেন, ‘রক্তের দাগ এখনো শুকায়নি, মায়ের আহাজারি এখনো থামেনি, বিচার এখনো সমাপ্ত হয়নি। অথচ ফ্যাসিস্টরা আবারও সিগন্যাল দিচ্ছে। আমাদের তো লজ্জা হওয়া উচিত। আজ কেন তরুণ প্রজন্ম এখনো ঘরে বসে আছে।’
ডেপুটি স্পিকার বলেন, ফ্যাসিবাদের কোনো উপাদান আবারও বাংলাদেশের মাটিতে ফিরে আসুক, তা দেশের মানুষ চায় না। ফ্যাসিবাদী শাসনের কারণে বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়েছিল। ২০২৪ সালে তরুণ সমাজের নেতৃত্বেই দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার পথ তৈরি করেছে। তাই নতুন করে কোনো স্বৈরাচারী প্রবণতা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করা এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ জন্য রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান কায়সার কামাল। বিশেষ করে তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ নির্মাণ, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।