রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে। এর প্রভাব স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগ এবং আঞ্চলিক নিরাপত্তার ওপরও পড়তে পারে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের প্রয়োজনীয় সহযোগিতা ও অর্থায়ন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন ব্যবস্থাপনা, জলবায়ু সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন দুই নেতা।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এ বৈঠককে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।