নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়ায় বৃদ্ধ চা দোকানি নাঈম খান হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে শিমরাইল উত্তরপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ফুটওভার ব্রিজের নিচে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন তাঁরা। এ সময় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়।
মানববন্ধনে নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেন, মনির হোসেন, মামলার বাদী ও নিহতের মেয়ে হিরা আক্তার, পান্না আক্তার, পারভেজসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর দুপুরে শিমরাইল উত্তরপাড়া এলাকায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে একই এলাকার মো. হোসেন, তাঁর ছেলে ইকবাল ও স্ত্রী মায়া বেগমের বিরুদ্ধে বৃদ্ধ চা দোকানি নাঈম খানকে (৬০) পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মেয়ে হিরা আক্তার বাদী হয়ে মো. হোসেন (৫০), তাঁর ছেলে ইকবাল হোসেন (২৫) ও স্ত্রী মায়া আক্তারকে (৪৪) আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।