প্রেম, বিশ্বাসঘাতকতা, রাজকীয় ক্ষমতার দ্বন্দ্ব এবং প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত দক্ষিণ কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই সিরিজটি ডিজনি প্লাসের ইতিহাসে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি দর্শক পাওয়া স্থানীয় অরিজিনাল সিরিজের প্রিমিয়ার হিসেবে জায়গা করে নিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ৫০টির বেশি দেশে কোরীয় সিরিজের প্রিমিয়ার তালিকায় শীর্ষস্থান দখল করেছে এটি।
সিরিজটির কাহিনি গড়ে উঠেছে সম্রাজ্ঞী নাভিয়ের জীবন, ভালোবাসা এবং আত্মমর্যাদা রক্ষার লড়াইকে কেন্দ্র করে। স্বামী সম্রাট সোভিয়েশু যখন তাকে বিচ্ছেদের প্রস্তাব দেন, তখন পরিস্থিতির কাছে হার না মেনে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্ত নেন নাভিয়ে। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু করে রাজপ্রাসাদের ক্ষমতার দ্বন্দ্ব—সব মিলিয়ে গল্পটি এগিয়ে যায় এক নাটকীয় পরিণতির দিকে। বিশ্বাসঘাতকতার জবাব, নিজের অবস্থান পুনরুদ্ধার এবং নতুন জীবনের সন্ধানই সিরিজটির অন্যতম আকর্ষণ।
আলফাটার্টের জনপ্রিয় ওয়েব উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। এর মূল ওয়েবটুন সংস্করণটি এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটি বার দেখা হয়েছে বলে জানিয়েছে ডিজনি। নাভিয়ে চরিত্রে অভিনয় করেছেন শিন মিন-আ। সম্রাট সোভিয়েশুর ভূমিকায় রয়েছেন জু জি-হুন এবং রাজপুত্র হেইনরির চরিত্রে অভিনয় করেছেন লি জং-সুক। সিরিজটি পরিচালনা করেছেন চো সু-ওন।
রাজকীয় পরিবেশ ও ইউরোপীয় প্রাসাদের আবহ ফুটিয়ে তুলতে জার্মানি ও চেক প্রজাতন্ত্রের বিভিন্ন ঐতিহাসিক স্থানে দৃশ্যধারণ করা হয়েছে। ফলে গল্পের নাটকীয়তার পাশাপাশি নির্মাণের দৃশ্যসজ্জাও দর্শকদের আকর্ষণের অন্যতম কারণ হয়ে উঠেছে।
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর সিরিজটি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসে। অভিনয়, পোশাক ও দৃশ্যসজ্জার প্রশংসা করেছেন অনেক সমালোচক। তবে গল্পের গতি এবং দৃশ্যপ্রযুক্তি বা ভিএফএক্স নিয়ে কিছু সমালোচনাও রয়েছে।
যুক্তরাষ্ট্রে ডিজনি প্লাস ও হুলু এবং আন্তর্জাতিক বাজারে ডিজনি প্লাসে দেখা যাচ্ছে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। মুক্তির অল্প সময়ের মধ্যে ৫০টির বেশি দেশে শীর্ষস্থান অর্জনের মধ্য দিয়ে কোরীয় বিনোদনশিল্পের বৈশ্বিক জনপ্রিয়তার ধারাবাহিকতাও আবার সামনে এসেছে।