সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার মেঘনা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. ছোটন আহমেদ (৩০) । তিনি
একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন।কর্মস্থলের মালামাল সরবরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। তার গ্রামের বাড়ি সোনারগাঁও এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে কুরিয়ার সার্ভিসের মালামাল সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন ছোটন আহমেদ। পথে সোনারগাঁওয়ে মেঘনা সেতু এলাকায় একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ছোটনকে হাসপাতালে নিয়ে আসা আসাদুল ইসলাম জানান, ছোটন একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। দুপুরে কুরিয়ারের মালামাল সরবরাহের জন্য মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মেঘনা সেতু এলাকায় একটি অজ্ঞাত বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, নিহত ব্যক্তি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ করতেন। মেঘনা সেতু এলাকায় অজ্ঞাতপরিচয় একটি বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার স্বজনদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা থানায় এসে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন।