জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্য এনসিপির স্থানীয় নেতারা। এ সময় দলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
নাহিদ ইসলামের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। যুক্তরাজ্যে পৌঁছানোর পর স্থানীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং মতবিনিময় করেন এনসিপি আহ্বায়ক।
এর আগে গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক। তিনি জানান, সফরকালে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন নাহিদ ইসলাম। পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলোও আলোচনায় গুরুত্ব পেতে পারে।
সফরের অংশ হিসেবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা, আন্দোলনের ঘটনাপ্রবাহ এবং এর পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ঘটে যাওয়া পরিবর্তনগুলো তুলে ধরবেন।
এদিকে যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনকেও এই সফরের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা, দেশের প্রতি তাদের অবদান এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা শোনার পাশাপাশি তাদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। রাজনৈতিক, কূটনৈতিক ও প্রবাসী কমিউনিটির সঙ্গে ধারাবাহিক এসব কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনৈতিক অগ্রযাত্রা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।