বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের সংস্করণে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এই তালিকার এটি ১৮তম সংস্করণ।
তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশ থেকে আরও দুজন বিশিষ্ট নারী এবারের তালিকায় জায়গা পেয়েছেন। তাঁরা হলেন প্রখ্যাত মানবাধিকারকর্মী ও গবেষক ড. হামিদা হোসেন এবং আইনজীবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা। তাঁদের দুজনকে রাখা হয়েছে ‘সামাজিক বিষয়াবলি’ বিভাগে।
প্রকাশনায় তারেক রহমানকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি বর্তমানে দেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র।
প্রকাশনার বিবরণ অনুযায়ী, দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করেও বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় যুক্ত ছিলেন তারেক রহমান। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের অবসান ঘটে এবং দেশে নির্বাচিত সরকারের যাত্রা শুরু হয়।
তালিকায় স্থান পাওয়া ড. হামিদা হোসেন দীর্ঘদিন ধরে মানবাধিকার, নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করছেন। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। গবেষণা ও মানবাধিকার আন্দোলনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পরিসরে তাঁর পরিচিতি রয়েছে।
অন্যদিকে, রাজিয়া সুলতানা রোহিঙ্গা সংকট নিয়ে কাজের জন্য পরিচিত। বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গা নারী ও শিশুদের অধিকার রক্ষা, নির্যাতনের ঘটনা তুলে ধরা এবং আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা রয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের আগের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের সংস্করণে তাঁর নাম নেই বলে প্রকাশিত তালিকায় দেখা গেছে।
‘দ্য মুসলিম ৫০০’ তালিকা তৈরিতে বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর ব্যক্তিদের রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিবেচনা করা হয়। তালিকার শীর্ষ ৫০ জনকে এক থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট ক্রম বা অবস্থান ছাড়াই রাজনীতি, ধর্মতত্ত্ব, সামাজিক বিষয়াবলি, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।
২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের তিনজনই এই র্যাঙ্কিংবিহীন ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন। ফলে তাঁদের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক পরিসরে নিজ নিজ ক্ষেত্রে প্রভাব ও অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।