বলিউডে নতুন চমক নিয়ে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওউত। এবার তাঁকে দেখা যাবে মনস্তাত্ত্বিক ভৌতিক সিনেমা ‘স্কেয়ারি পিকচার’-এর কেন্দ্রীয় চরিত্রে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ফার্স্ট লুক প্রকাশ করেছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক রানা দাগ্গুবাটি। নতুন এই সিনেমার মাধ্যমে ভিন্নধর্মী এক চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন কঙ্গনা।
খ্যাতিমান প্রযোজক সুরেশ বাবুর প্রযোজনা প্রতিষ্ঠান ‘সুরেশ প্রোডাকশনস’-এর ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। প্রতিষ্ঠানটির দীর্ঘ চলচ্চিত্র প্রযোজনার ইতিহাসে এটিই হতে যাচ্ছে প্রথম হরর ঘরানার সিনেমা। ছবিটি পরিচালনা করবেন তেলুগু চলচ্চিত্রের পরিচিত নির্মাতা রবি বাবু। এর মাধ্যমে হিন্দি ভাষার মূলধারার চলচ্চিত্রে পরিচালক হিসেবে তাঁর নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রযোজক রানা দাগ্গুবাটি জানান, ভৌতিক চলচ্চিত্র নির্মাণে আগ্রহী নির্মাতাদের নিয়মিত প্রযোজনা সহায়তা এবং সিনেমা মুক্তির সুযোগ করে দেওয়াই তাঁদের অন্যতম লক্ষ্য। তাঁর মতে, ভারতের বিভিন্ন অঞ্চলে ভৌতিক গল্প বলার ধরন ও ভয় তৈরির উপাদানে রয়েছে আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য। তাই এই ঘরানার নতুন চিন্তাভাবনা, গল্প এবং বিভিন্ন উপধারাকে প্রাতিষ্ঠানিকভাবে উৎসাহিত করতে চান তাঁরা।
পরিচালক রবি বাবু এর আগে তেলুগু ভাষায় ‘অনসূয়া’ ও ‘অভুন্নু’র মতো আলোচিত ভৌতিক ও থ্রিলারধর্মী চলচ্চিত্র নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। ফলে ‘স্কেয়ারি পিকচার’ নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে সিনেমাটির মূল গল্প, কঙ্গনার চরিত্রের ধরন কিংবা অন্যান্য অভিনয়শিল্পীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।
এর আগে একাধিকবার ভৌতিক ঘরানার সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা রানাওউত। ২০০৯ সালে ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ এবং ২০২৩ সালে ‘চন্দ্রমুখী ২’ চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। এবার ‘স্কেয়ারি পিকচার’-এর মাধ্যমে আবারও ভৌতিক গল্পে ফিরছেন তিনি।
এদিকে চলতি বছরের জুনে মুক্তি পাওয়া মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় একজন সাহসী নার্সের চরিত্রে অভিনয় করেন কঙ্গনা। ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার পটভূমিতে নির্মিত ওই সিনেমায় সংকটের মুহূর্তে স্বাস্থ্যকর্মীদের সাহসিকতা ও মানবিক ভূমিকা তুলে ধরা হয়েছে।
এ ছাড়া অভিনেতা আর মাধবনের সঙ্গে তাঁর অভিনীত ‘সার্কেল’ এবং দর্শকপ্রিয় সিনেমা ‘কুইন’-এর সিক্যুয়ালসহ বেশ কয়েকটি প্রকল্প রয়েছে তাঁর হাতে।
সব মিলিয়ে নতুন হরর সিনেমা ‘স্কেয়ারি পিকচার’ ঘিরে কঙ্গনার ভক্তদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন পর ভৌতিক ঘরানায় তাঁর প্রত্যাবর্তন এবং রবি বাবুর পরিচালনা—দুইয়ের সমন্বয়ে ছবিটি দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।