তানভীর আহাম্মেদ, রিপোর্টার: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি বসতবাড়ি পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবু।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলামের পরিবারের খোঁজখবর নেন। পরিদর্শনকালে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শরিফুল ইসলামের বাড়ির ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তার বসতঘর, ১৫ বস্তা সার, একটি গবাদিপশু ও আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।