টালিউডের জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী সোহিনী গুহ রায়! সম্প্রতি এমনই এক গুঞ্জন ছড়িয়ে পড়েছে টালিপাড়ায়। কালীপুজো ও দীপাবলি উদ্যাপনের সময় দেবের সঙ্গে একসঙ্গে বাজি পোড়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সোহিনী। এরপর থেকেই তাঁদের ব্যক্তিগত ঘনিষ্ঠতার পাশাপাশি সম্ভাব্য সিনেমার জুটি নিয়েও শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে বহুল প্রতীক্ষিত ‘টনিক ২’ ছবিতে দেবের বিপরীতে সোহিনীকে দেখা যাবে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
সম্প্রতি জি ফাইভে মুক্তি পাওয়া ‘মৃগয়া ১.৫’ ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন সোহিনী গুহ রায়। ছবিটিতে ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেবের সঙ্গে দীপাবলি উদ্যাপন এবং নতুন সিনেমায় কাজ করার সম্ভাবনা নিয়ে কথা বলেন অভিনেত্রী।
দেবের সঙ্গে কাজের বিষয়ে সরাসরি কোনো নিশ্চয়তা না দিলেও সম্ভাবনাটি উড়িয়ে দেননি সোহিনী। বরং রহস্য রেখে তিনি বলেন, একসঙ্গে দীপাবলি উদ্যাপন করেছিলেন বলেই সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এর অর্থ এই নয় যে তাঁরা একসঙ্গে কোনো সিনেমায় কাজ করছেন। আবার কাজটি হতেও পারে, নাও পারে। সময়ই সব প্রশ্নের উত্তর দেবে বলে মন্তব্য করেন তিনি।
দেবের প্রশংসা করতেও ভোলেননি এই অভিনেত্রী। সোহিনীর ভাষায়, দেবের সঙ্গে সত্যিই কাজ করার সুযোগ হলে তিনি ভীষণ উচ্ছ্বসিত হবেন। কারণ দেব দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন তারকা। তবে তাঁদের একসঙ্গে কাজ করার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।
এদিকে, কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন দেব। দুর্গাপূজায় মুক্তি পাওয়া ‘দেশু ৭’ ছবির সাফল্যের পর নরওয়ে ভ্রমণ শেষ করে দেশে ফিরেছেন তিনি। বর্তমানে তাঁর পরবর্তী সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচার পরিকল্পনা নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা।
এরপরই রয়েছে বহুল আলোচিত ‘টনিক ২’ সিনেমার কাজ। শোনা যাচ্ছে, জন্মদিনের ছুটি কাটিয়ে নতুন বছরের শুরুতে ছবিটির শুটিং শুরু করতে পারেন দেব। আগের ছবির মতো এই পর্বেও দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের জুটি দর্শকদের সামনে আসবে কি না, তা নিয়েও আগ্রহ রয়েছে ভক্তদের।
সব মিলিয়ে ‘টনিক ২’-এ সোহিনী গুহ রায়ের অন্তর্ভুক্তি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তাঁর রহস্যময় মন্তব্য নতুন জল্পনার জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত দেবের বিপরীতে বড় পর্দায় সোহিনীকে দেখা যাবে কি না, সেই উত্তর জানতে অপেক্ষা করতে হবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।