বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট বা রিং স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় মন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর এনজিওগ্রাম করেন। পরীক্ষায় হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে।
পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে তাঁর এনজিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় প্রয়োজন অনুযায়ী স্টেন্ট স্থাপনের প্রস্তুতি চলছে। বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এদিকে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।