রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের চালক ও সুপারভাইজারের বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ একই এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন চাচা আতিক ইসলাম। তাঁর কাছে তিন লাখ টাকা ছিল। অভিযোগ অনুযায়ী, তারাগঞ্জ এলাকায় পৌঁছানোর পর বাসের অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করেন বাসের হেলপার ও সুপারভাইজার। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে মুকুল ও শাকিবকে লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।
বাসযাত্রী আতিক ইসলামের অভিযোগ, তাঁর কাছে থাকা টাকার কারণে তাঁকে বাস থেকে নামতে দেওয়া হয়নি। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে তাঁকে জিম্মি করা হয়। মুকুল ও শাকিব এগিয়ে এলে তাঁদের বাস থেকে ফেলে দেওয়া হয়। পরে একটি মাইক্রোবাসের যাত্রী ও স্থানীয় লোকজন বাসটি আটক করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখেন। তাঁদের একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে জানান, বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।