হরমুজ প্রণালী দিয়ে গোপনে চলাচলের চেষ্টার সময় নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
রোববার (১৫ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জাহাজ দুটি চলাচলের সময় নিজেদের অবস্থান শনাক্তকরণ ও নৌ-পরিচালনা ব্যবস্থা বন্ধ রেখেছিল। পাশাপাশি হরমুজ প্রণালী অতিক্রমের জন্য অনুমোদনহীন পথ ব্যবহার করছিল।
বিবৃতিতে আরও বলা হয়, দুটি জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার পর একই পথে গোপনে পার হওয়ার চেষ্টা করা আরও দুটি জাহাজকে সতর্কবার্তা দেওয়া হয়। পরে জাহাজ দুটি আইআরজিসির নৌবাহিনীর ট্রাফিক নিয়ন্ত্রণ কেন্দ্রের নির্দেশ মেনে পারস্য উপসাগরের জলসীমার দিকে ফিরে যায়।
আইআরজিসির দাবি, সতর্কবার্তা উপেক্ষা করে অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করায় তেলবাহী জাহাজ দুটি নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজ দুটির নাম, সংশ্লিষ্ট দেশের পরিচয়, হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে স্বাধীনভাবে অন্য কোনো সূত্রের নিশ্চিত তথ্যও পাওয়া যায়নি।