বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহু এলাকার বিখ্যাত বাংলো ‘জলসা’ ঘিরে নতুন করে পারিবারিক সম্পত্তি-বিরোধের খবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে বচ্চন পরিবারের ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত এই বাংলোর মালিকানা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রামোলা বচ্চন। তাঁর অভিযোগ, ১৯৯৩ সালে একটি বিতর্কিত দানপত্রের মাধ্যমে তাঁর অজান্তে ও সম্মতি ছাড়াই বাংলোটি জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি ইতোমধ্যে পারিবারিক গণ্ডি পেরিয়ে সরকারি দপ্তর পর্যন্ত গড়িয়েছে। গত সাত মাস ধরে রামোলা বচ্চনের করা একাধিক অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত সংশ্লিষ্ট সমিতির ডেপুটি রেজিস্ট্রারের কার্যালয়ে আনুষ্ঠানিক শুনানি চলছে।
ডেপুটি রেজিস্ট্রার ফাইয়াজ মুলানি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় সংশ্লিষ্ট সব পক্ষকে নিজেদের বক্তব্য ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হয়েছে। তবে এখনো মালিকানা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ।
বিতর্কের মূল কারণ বাংলোটির মালিকানা-সংক্রান্ত সরকারি ও সমিতির নথিতে ভিন্নতা। কাপোল হাউজিং সোসাইটির নথিতে ‘জলসা’র মালিক হিসেবে জয়া বচ্চনের নাম থাকলেও মহারাষ্ট্র সরকারের প্রপার্টি কার্ডে এখনো রামোলা বচ্চনের নাম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি সরকারি নথি থেকে রামোলার নাম বাদ দিয়ে জয়া বচ্চনের নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলে বিষয়টি নিয়ে নতুন করে বিরোধ তৈরি হয়।
রামোলা বচ্চনের অভিযোগ, বাংলোটি মূলত তাঁর নামেই নিবন্ধিত ছিল। ১৯৯৩ সালে একটি দানপত্রের মাধ্যমে সেটি জয়া বচ্চনের নামে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে ওই দলিলের বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন তিনি।
তাঁর দাবি, দলিলটি তৈরির সময় প্রয়োজনীয় স্ট্যাম্প ডিউটি পরিশোধ করা হয়নি এবং সাদা কাগজে তৈরি ওই নথিতে কোনো সাক্ষীর স্বাক্ষরও ছিল না। পরবর্তী সময়ে মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’ প্রকল্পের আওতায় কীভাবে দলিলটি নিবন্ধিত ও বৈধতা পেয়েছিল, তা নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি।
এদিকে, বচ্চন পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। অমিতাভ বচ্চনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। জয়া বচ্চনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে, অভিষেক বচ্চনের এক মুখপাত্র বিষয়টিকে পরিবারের অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছেন।
সব মিলিয়ে, ভক্তদের কাছে অমিতাভ বচ্চনের জনপ্রিয়তার অন্যতম প্রতীক ‘জলসা’ এখন মালিকানা-সংক্রান্ত বিরোধের কারণে আলোচনায়। তবে অভিযোগগুলোর সত্যতা এবং বাংলোটির প্রকৃত মালিকানা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। সরকারি শুনানি ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের পরই বিষয়টির প্রকৃত চিত্র পরিষ্কার হতে পারে।