তানভীর আহাম্মেদ, রিপোর্টার: দিনাজপুরের ফুলবাড়ীতে মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ফুলবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের ইস্তাবনগর (দুলাল মার্কেট) এলাকার হাসেম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে একটি কালো রঙের টিভিএস অ্যাপাচি আরটিআর-১৬০ সিসি (TVS Apache RTR 160cc) মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা।
এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক আয়নাল মিয়া (৩৬) বাদী হয়ে গতকাল ১৫ নভেম্বর ফুলবাড়ী থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৫, জিআর-২২৬)। ভুক্তভোগী আয়নাল মিয়া রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বুজরুক সন্তোষপুর ডাকঘরের উচা বালুয়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।
মামলা রুজু হওয়ার পরপরই দিনাজপুর পুলিশ সুপারের দিকনির্দেশনায় ফুলবাড়ী থানার ওসি, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং এসআই এস.এম. আশিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নামেন। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৫ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর সদর কোতোয়ালী থানাধীন ৭নং উত্তরাইল ইউনিয়নের ১নং নুনাইচ গ্রামের রুবেল মিয়ার মুরগির ফার্মের সামনে থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লুৎফর রহমান ওরফে লতিফুর রহমান (৩২)। তিনি দিনাজপুর কোতোয়ালী থানার নুলাইবাড়ী (শেখপুরা) গ্রামের বাবুল আকতার ও লতিফা খাতুনের ছেলে। পরে তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, বিশেষ অভিযান পরিচালনা করে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই চোরাই মোটরসাইকেলসহ আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ফুলবাড়ী থানা এলাকায় চুরি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যেকোনো ধরনের অরাজকতা রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।