দেশে নতুন করে দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। পাশাপাশি বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া বগুড়ার মোকামতলা উপজেলায় মোকামতলা পৌরসভা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর পৌরসভা গঠন করা হবে। ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় লক্ষ্মীপুরের নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলা এবং কুমিল্লার নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থানও পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়। চন্দ্রগঞ্জের সদর দপ্তর হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর ও হাজিরপাড়া মৌজায় এবং বাঙ্গরা উপজেলার সদর দপ্তর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
এর আগে এসব বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল।