বিএনপি কোনো বেআইনি কাজ করেনি, ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সরকার গঠনের গত আট মাসে দেশে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ উপস্থিত ছিলেন।
অনলাইন গণমাধ্যমের নিবন্ধন ও সরকারি বিজ্ঞাপনসংক্রান্ত দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়গুলো যৌক্তিক। এ নিয়ে একটি কমিটি গঠনের পর্যায়ে রয়েছে সরকার। তবে সিদ্ধান্ত বাস্তবায়নে কিছুটা সময় লাগবে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই পদক্ষেপ নেওয়া হবে।
গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সরকার স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী। তবে এই সুযোগে অনলাইন সংবাদমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদী সংগঠনের প্রচার-প্রচারণা চালানো যাবে না। এ বিষয়ে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় অনলাইন সংবাদমাধ্যমের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়। এ সময় অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে অনুমোদন ছাড়া নতুন নিউজ পোর্টাল চালু বন্ধ, নিবন্ধিত পোর্টালে সরকারি বিজ্ঞাপনের প্রজ্ঞাপন জারি, শুধু অনলাইন সংবাদমাধ্যমের নবায়ন ফি বাতিল এবং অফিসের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়।