সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনারগাঁও পৌরসভাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধমূলক কর্মকাণ্ড দমন আইনে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও সনমান্দী ইউনিয়নের জাইদ্যেরগাঁও গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান আমির (৪৫), উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও লাধুরচর এলাকার রেজাউল করিমের ছেলে জুয়েল মিয়া (৩৮), সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বানিনাথপুর গ্রামের আবুল হাসেমের ছেলে আবুল কালাম (৪৫), সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য ও দৌলরদী গ্রামের মিজানুর রহমানের ছেলে মঞ্জুর হোসেন (৪৫) এবং নোয়াগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পরমেশ্বরদী গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে আফজাল হোসেন বকুল (৩৫), সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোনাবাড়ী গ্রামের মৃত বিল্লাল হোসেন মুক্তারের ছেলে মাসুদুজ্জামান (৩৮), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও হলদা বাড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে কাদির (৩৮), নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের কার্যকরী সদস্য ও গোবিন্দপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে মুসা মিয়া খোকন (৪৬) এবং কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বড় চেংগাইন এলাকার মৃত হাসেমের ছেলে মো. রমিজ (৬৩)।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।