বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি মন্ত্রণালয়ে উপস্থিত হন। তবে তাঁর এই সফরের উদ্দেশ্য এবং কার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দুপুরের দিকে মন্ত্রণালয়ে প্রবেশ করেন পিটার হাস। তবে তিনি কার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমানের সঙ্গে সাক্ষাৎ করতেই তিনি মন্ত্রণালয়ে গিয়েছিলেন।
বর্তমানে পিটার হাস জ্বালানি খাতের প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন সময়ে বাংলাদেশ সফর করেন তিনি।
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সে কারণে তাঁর এবারের ঢাকা সফর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আকস্মিক উপস্থিতি নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।
তবে তাঁর সফরের প্রকৃত কারণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন কর্মকর্তার সঙ্গে বৈঠক হয়েছে কিংবা আলোচনার বিষয়বস্তু কী ছিল—এসব বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।