যুক্তরাষ্ট্রে টানা তৃতীয় দিনের মতো বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দেশটির বিভিন্ন বিমানবন্দরে অন্তত ১১ হাজার ৫০০টি ফ্লাইট বাতিল ও বিলম্বের শিকার হয়েছে। এর মধ্যে প্রায় ২ হাজার ১০০টি ফ্লাইট বাতিল এবং ৯ হাজার ৪০০টি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, শুক্রবারের একটি প্রযুক্তিগত ত্রুটি থেকে এই সংকটের সূত্রপাত। ওই দিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশজুড়ে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়। এতে প্রায় পাঁচ ঘণ্টা অধিকাংশ উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত থাকায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। তিন দিন পার হলেও এর প্রভাব কাটেনি।
এর আগের দিন শনিবারও পরিস্থিতি ছিল উদ্বেগজনক। সেদিন প্রায় ৬ হাজার ৭০০টি ফ্লাইট বাতিল এবং ৯ হাজার ১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়। তবে সোমবারের ফ্লাইট সূচিতে কিছুটা স্বস্তির ইঙ্গিত পাওয়া গেছে। রবিবার রাত পর্যন্ত সোমবারের জন্য বাতিলের তালিকায় ছিল মাত্র ৮৮টি ফ্লাইট।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, এ ঘটনায় সাইবার হামলা কিংবা ইচ্ছাকৃত নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে এফএএর ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিসের রাউটার স্থাপন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সঙ্গে প্রযুক্তিগত ত্রুটির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আরকানসাসের এল ডোরাডোতে একটি স্থাপনায় নতুন রাউটার বসানোর পর টেক্সাসের আমারিলোতে আগে স্থাপন করা আরেকটি রাউটারে সমস্যা দেখা দেয়। এতে বিভিন্ন এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রে তথ্য আদান-প্রদানে বিঘ্ন ঘটে এবং নেটওয়ার্কে অতিরিক্ত চাপ তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্যাযুক্ত রাউটারগুলোর পাশাপাশি একই ধরনের প্রযুক্তি ব্যবহার করা আরও প্রায় ৬০টি রাউটার নিষ্ক্রিয় করেছে এফএএ। তবে রক্ষণাবেক্ষণের সময় ঠিক কীভাবে এই ত্রুটি তৈরি হলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুরো ঘটনা তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।