তানভীর আহাম্মেদ, রিপোর্টার : দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ অভিযানে ৪৩০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ দুজনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর নশরতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হবিবর রহমানের বাড়ির বাইরের একটি অটো গ্যারেজে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল রাত্রীকালীন মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই অটো গ্যারেজে অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ২০০ টাকা।
আটক ব্যক্তিরা হলেন— রাশেদুল ইসলাম ওরফে রাশেদ (২০), বিপ্লব রানা ওরফে রানা (২০), মোস্তাকিম (২৪), মইনুল ইসলাম বাসু (২১) এবং শান্ত ইসলাম সিয়াম (২১)। তাঁরা সবাই চিরিরবন্দর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া এ ঘটনায় গ্যারেজ মালিক হবিবর রহমান (৫০) ও তাঁর স্ত্রী মেহের নেগার ওরফে মেহেরুনেচ্ছাকে (৪৫) পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং- ১৩) রুজু করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার এসআই মো. সাইফুল আলমকে।
চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, উপজেলায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।