যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার মেফেয়ার ভেন্যুর প্রধান ফটকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে লাঠিচার্জ করে লন্ডন পুলিশ।
জানা গেছে, যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে ভেন্যুর বাইরে অবস্থান নেন যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশ অনুষ্ঠানে আগত অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন। একপর্যায়ে হলের বাইরের অংশে অতিথিদের ওপর চড়াও হওয়ার ঘটনাও ঘটে।
আয়োজক ও প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শেষ হলে প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় এনসিপির নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করতে দেখা গেছে।
পরে মেফেয়ার হলের পেছনের সড়কে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলে হাতাহাতি ও সংঘর্ষ। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশ কয়েক দফায় লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাহিদ ইসলাম। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামের একটি আলোচনাসভাকে কেন্দ্র করেও তাঁকে হেনস্তার চেষ্টার অভিযোগ ওঠে। পরপর দুটি ঘটনাকে ঘিরে যুক্তরাজ্যে তাঁর সফর ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।